বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

মিলানে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ নজর কাড়লেন রাশমিকা মান্দানা

ইতালির মিলানে অনুষ্ঠিত ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। প্রথম উপস্থিতিতেই অনামিকা খান্নার নকশা করা বিশেষ কালো গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী।

রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কুতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি বিশেষ পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউনটিতে আধুনিকতা ও নাটকীয়তার সমন্বয় ঘটানো হয়েছে।

পোশাকটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছে। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে এবং বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে গাউনটিতে জটিল নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে ছিল কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক পোশাকটিতে যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে লুকের আকর্ষণ।

পোশাকের নকশাই মূল আকর্ষণ হওয়ায় গয়নায় রাখা হয়েছিল মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি পরেছিলেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।

 

মন্তব্য করুন