প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:২৯ এ এম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও মাঠে পৌঁছে বাংলাদেশ জানতে পারে, ম্যাচটি অনুষ্ঠিত হবে না। পরে দলটি জানতে পারে, চীন ম্যাচটি খেলতে আসেনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, সকাল ৯টার ম্যাচের জন্য বাংলাদেশ দল সাড়ে ৭টার দিকে মাঠে পৌঁছায়। সেখানে কিউরেটর তাদের জানান, ম্যাচটি হবে না। কিছুক্ষণ পর তারা জানতে পারেন, চীনের দলই মাঠে আসবে না। এরপর আগামীকালকের সেমিফাইনালের প্রস্তুতিতে অনুশীলন শুরু করে বাংলাদেশ।
ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে—“খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না।’
ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) বাংলাদেশকে চীনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিল। বিসিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ ম্যাচটি খেলতে সম্মত হয়। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও চীন না আসার বিষয়টি তিনি ওসিএকে জানিয়েছেন।
এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।
এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মন্তব্য করুন