প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:২৬ এ এম
অনলাইন সংস্করণ
গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক একটি চুক্তিতে পৌঁছেছে। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চুক্তিটি সই হবে বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কোনো খরচ হবে না। একই সঙ্গে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত ও রক্ষায় ‘যা প্রয়োজন তা করার’ সক্ষমতা যুক্তরাষ্ট্র পাবে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে বা ‘সংবেদনশীল বিনিয়োগ’ করতে পারবে না।
তবে চুক্তিটির নির্দিষ্ট শর্ত সম্পর্কে বিস্তারিত জানাননি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, এই চুক্তি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে যৌথ নিরাপত্তা জোরদার করবে।
ফ্রেডেরিকসেন আরও বলেন, চুক্তিটি ডেনমার্কের রাজ্যের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।
গ্রিনল্যান্ডকে ঘিরে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে টানাপোড়েন চলছে। জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান ও গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প এর আগে দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা একাধিকবার বলেছেন। এই প্রেক্ষাপটে নতুন চুক্তিটি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন