প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ শিশু ভর্তি হয়েছে।
নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগী পাওয়া গেছে ১ হাজার ২৩৯ জন।
ফলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে নিশ্চিত হামে মৃত্যু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু আলাদাভাবে হিসাব করা হচ্ছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ শিশুর মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।
মন্তব্য করুন