প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১১:২৪ এ এম
অনলাইন সংস্করণ
বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যে তিন সন্তান উইনস্টন, বিরাজ ও আর্থারের থেকে দূরে রয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের সঙ্গে ১৫ বছরের দাম্পত্যের পর তাদের বিচ্ছেদকে ঘিরে আইনি টানাপোড়েন চলছে। সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার অভিযোগও করেছেন সেলিনা।
মুম্বাইয়ের একটি আদালতে পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনে মামলা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও দুজনের মধ্যে বিরোধ চলছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিন ছেলেকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন সেলিনা। সেখানে তিনি জানান, ছেলেদের নতুন ক্লাসের প্রথম দিনে তাদের পাশে থাকতে পারছেন না।
ছেলেদের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে সেলিনা লেখেন, তিনি কথাগুলো সামাজিক মাধ্যমে লিখছেন, কারণ সন্তানদের কাছে পৌঁছাতে পারছেন না। স্কুলে যাওয়ার আগে তাদের আলিঙ্গন ও চুমু দিতে না পারা এবং ‘স্কুলে যাচ্ছি মা’—এই কথাটি শুনতে না পাওয়ার আক্ষেপও জানান তিনি।
সেলিনা স্মরণ করেন, একসময় তিনি নিজে সন্তানদের স্কুলের বইয়ে মলাট লাগিয়ে দিতেন। অস্ট্রিয়ায় স্কুল খোলার এক সপ্তাহ আগে ছেলেদের জন্য পাউরুটি ও বিভিন্ন পদ রান্না করার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সেই সাধারণ মুহূর্তগুলোই ছিল আনন্দে ভরা।
তিন ছেলেকে স্কুলের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে সেলিনা বলেন, এবার তিনি তাদের ক্লাসের প্রথম দিনে থাকতে পারবেন না। এমনকি ২০২৬ সালের বাকি সময়ও সন্তানদের পাশে থাকতে পারবেন না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
বার্তায় সন্তানদের উদ্দেশে সেলিনা আরও বলেন, বড়দের মধ্যে যা-ই ঘটুক না কেন, তিনি চান তারা যেন বাবা ও মা—দুজনেরই ভালোবাসা পায়। তাদের কখনো মা-বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না বলেও জানান তিনি।
সেলিনা আরও বলেন, সন্তানরা মা ও বাবা দুজনকেই ভালোবাসতে পারে এবং এ নিয়ে তাদের কোনো অপরাধবোধে ভুগতে হবে না। তিনি সবসময় সন্তানদের পাশে থাকবেন এবং তার ভালোবাসায় কোনো শর্ত নেই বলেও জানান অভিনেত্রী।
মন্তব্য করুন