প্রকাশিত: ১ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৪১ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যুর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশটি আর কার্যকর থাকছে না। সম্প্রতি ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও হালনাগাদ তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল। যেসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কায় অতিরিক্ত যাচাইয়ের অজুহাতে এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। তবে এই স্থগিতাদেশের বিরুদ্ধে 'ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক' (CLINIC) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আদালতে একটি মামলা করে।
মামলার শুনানি শেষে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস পর্যবেক্ষণ তুলে ধরে রায় ঘোষণা করেন। বিচারক বলেন, কেবল নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হওয়ার কারণে সামগ্রিকভাবে অভিবাসী ভিসা আটকে রাখা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের (Immigration and Nationality Act) অধীনে পররাষ্ট্রমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার সীমালঙ্ঘন।
আদালতের এই রায়ের ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার চূড়ান্ত আইনি বাধা দূর হলো। এর ফলে যোগ্য আবেদনকারীরা পূর্বের মতো স্বাভাবিক প্রক্রিয়া ও শর্তপূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল, পাকিস্তান, ভুটানের পাশাপাশি আফগানিস্তান, ব্রাজিল, মায়ানমার, মিশর, রাশিয়া ও ইরানের মতো ৭৫টি দেশের নাম রয়েছে। স্থগিতাদেশ উঠে যাওয়ায় বিশ্বজুড়ে আটকে থাকা হাজারো ভিসা প্রত্যাশী পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন