প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৭ এ এম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গত রবিবার (২৩ আগস্ট) বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিমের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ (সহকারী একান্ত সচিব-২) আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া আইডি ও পেজ খুলে আসছিল। এসব ফেক আইডির মাধ্যমে সে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মারাত্মক সম্মানহানি করছিল।
সাইবার পুলিশ জানায়, একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভুয়া আইডিগুলোর তথ্য ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে আসামি কারকান রানাকে শনাক্ত করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ভুয়া আইডি ও পেজ পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বেশ কিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার নেপথ্য কারণ ও অন্য কেউ এতে যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখতে এবং আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মন্তব্য করুন