প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জল্পনার মধ্যেই স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাংবাদিকরা যখন জানতে চান প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর কবে হতে পারে, তখন প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এটা দুই দেশেরই উপযুক্ত সময়ে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছেন। ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
সফরের প্রশ্নের বাইরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তার মতে, দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে আলোচনা হলে বহু জটিল সমস্যার সমাধান সহজ হয়ে যায়—আর এই সুযোগ কাজে লাগানো এখন ভারতের নৈতিক দায়িত্ব। এ প্রসঙ্গে তিনি বলেন, "দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।"
সংবাদ সম্মেলনে কূটনৈতিক আলোচনার বাইরেও উঠে আসে অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গ। সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, "সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। এক্সপোর্ট বৃদ্ধি করতেও সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।"
সব মিলিয়ে কূটনৈতিক অঙ্গনে সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সরকারের অগ্রাধিকার তালিকায় যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি স্পষ্টভাবে রয়েছে, সেই ইঙ্গিতই মিলল প্রতিমন্ত্রীর বক্তব্যে।
মন্তব্য করুন