তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০৭:০১ পিএম

অনলাইন সংস্করণ

লঘুচাপের জেরে টানা ৫ দিন ভারি বর্ষণের আশঙ্কা

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

শিগগিরই মুক্তি মিলছেনা বৃষ্টিময় বিরূপ আবহাওয়া থেকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশংকা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে সারাদেশেই। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মাঝারি পর্যায়ে। এই মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে বিস্তৃত হয়েছে আসাম পর্যন্ত।

এমন আবহাওয়ার কারণে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় সাময়িকভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশংকা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

সপ্তাহের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই দুই দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে, আর বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

এই ধারাবাহিকতা শুক্র ও শনিবারেও (১৪-১৫ আগস্ট) অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই দুই দিন দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা গেলেও দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি মোটামুটি একই ধরনের থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন