লাকসাম প্রতিনিধি :

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

লাকসামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান: নেতৃত্বে মেয়র প্রার্থী বদিউল আলম সুজন

ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগে লাকসামে মশক নিধন অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সুজন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

জামায়াত নেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মনির, লাকসাম পৌর জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ।

পরে কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে লাকসাম পৌরসভার সব ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন