রান্নু, গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:২০ পিএম

অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে জুলাই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহ নিয়ে তুলকালাম

ছবি: রান্নু

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পাঁচটি আবাসিক হলে আয়োজিত বিশেষ ফিস্টে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। অভিযোগের পর শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। একই সঙ্গে পুনরায় ফিস্ট আয়োজন এবং টোকেন ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তিতুমীর, স্বাধীনতা, বনলতা, অপরাজিতা ও বিজয় দিবস হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ ফিস্টের আয়োজন করা হয়। তবে খাবার পরিবেশনের পর শিক্ষার্থীরা এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, পরিবেশিত চালের মান নিম্ন ছিল। এছাড়া পচা ডিম এবং রান্না করা মাংস থেকে ধোঁয়াটে গন্ধ বের হওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শহীদ তিতুমীর হলের এক শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁর পরিবেশিত খাবারে ডিমটি পচা ছিল। এসব ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

ঘটনার পর হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়। শহীদ তিতুমীর হলের প্রভোস্ট নাসির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। মিলের জন্য নির্ধারিত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।”

পরে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “ঘটনার জন্য আমি শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুনরায় ফিস্টের আয়োজন করা হবে, যাতে তারা মানসম্মত খাবার পান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ তিতুমীর, স্বাধীনতা, বনলতা, অপরাজিতা ও বিজয় দিবস হলে ফিস্টের টোকেন বাবদ নেওয়া ৪০ টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

এদিকে খাবারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমানকে মারধর করে কিছু শিক্ষার্থী।

এ ঘটনায় শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে খাবারের মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মন্তব্য করুন