প্রকাশিত: ৯ আগষ্ট, ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা দক্ষিণাঞ্চলের লাকসাম, নাঙ্গলকোট, লালমাই ও মনোহরগঞ্জ উপজেলার সর্বত্র ক্ষতিকর প্রাণি কাঠবিড়ালির ভয়াবহ উপদ্রবে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে সবজি ও ফলজ বাগান। এ অঞ্চলটির কয়েক লাখ মানুষের আবাদের স্বপ্ন প্রতিদিন নಷ್ಟ করছে কাঠবিড়ালির পাল।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার বাসিন্দারা জানান, এলাকার গ্রামীণ ফলজ গাছ—নারকেল, ডাব, পেয়ারা, বরই, আমড়া, আতা ও ডালিম থেকে শুরু করে শিম, লাউ, মিষ্টি কুমড়া ও শসাসহ নানা ধরনের সবজি ও ফল নষ্ট করছে কাঠবিড়ালি। দূরন্ত গতিতে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলা এ প্রাণীটি স্থানীয়ভাবে ‘ছলা’ নামে পরিচিত। এদের ধরা যেমন কঠিন, দমন করার কৌশলগুলোও বেশ জটিল। প্রতিনিয়ত কাঠবিড়ালির কামড়ে সকালে প্রতিটি ফলজ ও সবজি গাছের নিচে নষ্ট করা ফসল পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে সারা বছর নারকেল ও ডাবের পাশাপাশি গ্রীষ্মকালে আম, কাঁঠাল ও লিচুর ওপর তাণ্ডব চালায় এগুলো।
সূত্র জানায়, সারা বছরই গ্রামীণ জনপদের ফলজ ও সবজি বাগানে এ প্রাণীটির বসবাস থাকে। ফলে বাগান মালিকরা হারাচ্ছেন লাখ লাখ টাকার ফসল, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলছে। গ্রামের প্রতিটি বাড়ির বাগানে এদের দৌরাত্ম্য থামছে না। সঠিক দমন পদ্ধতি না থাকায় অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। প্রারম্ভিক প্রতিরোধ হিসেবে সাধারণ মানুষ টিন বাজিয়ে বা শব্দ করে ফাঁদ তৈরি করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। আগে মানুষ দেখলে পালিয়ে গেলেও এখন দিন-রাত সব সময় এদের উপদ্রব চলছে। কৃষক ও বাগান মালিকরা চোখের সামনে ফসল নষ্ট হতে দেখেও কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
মন্তব্য করুন