প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। গত ২২ জুন অভিনেতার জন্মদিনে সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক কোনো বার্তা না পেয়ে নেটিজেনদের একাংশ তাদের সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে অনুসরণ না করার গুঞ্জন তুললেও, একটি বিশেষ ছবি প্রকাশের মাধ্যমে অভিনেত্রী সেইসব দাবি নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেত্রীকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে একান্তে জন্মদিনের কেক কাটতে দেখা যায়।
দীর্ঘদিনের গুঞ্জন ও পারিবারিক জীবনের নানা আলোচনার প্রেক্ষাপটে এই দুই তারকার সম্পর্ক নিয়ে ভক্তদের মাঝে গভীর কৌতুহল ছিল। সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবির বিবরণীতে তৃষা কৃষ্ণান লিখেছেন— 'যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।' একই সাথে জন্মদিনের প্রথম মুহূর্তটি একসঙ্গে কাটানোর ইঙ্গিত দিয়ে তিনি সময়ের পরিমাপক হিসেবে '০০.০০' উল্লেখ করেন। অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ৪৪ লাখের বেশি অনুরাগী এতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে নির্বাচনে অভিনেতার রাজনৈতিক প্রচারণায় তৃষার সক্রিয় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল, যা এই বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে অনুসারীদের মাঝে নতুন করে আনন্দের আবহ তৈরি করেছে।
মন্তব্য করুন