প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলছে।
তিনি বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার নির্বাচিত হওয়ার পর নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মহল ফ্যামিলি কার্ডের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে জনগণের টাকা সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে এবং পাচার রোধ করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম চালাতে কোনো সমস্যা হবে না।
তিনি অভিযোগ করে বলেন, কিছু গোষ্ঠী বাজেটকে গণবিরোধী বলে প্রচার করছে, যারা আসলে জনগণের পক্ষের নয়। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চা শ্রমিকদের সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ৫০ জন শ্রমিককে ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫০ জন চা শ্রমিকের সন্তানের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে।
এছাড়া কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ।
মন্তব্য করুন