প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি 2898 এডি’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অমিতাভ বচ্চন, প্রভাস ও দীপিকা পাড়ুকোনের শক্তিশালী অভিনয়ে প্রথম পর্বটি বড়পর্দায় ব্যাপক সাড়া ফেলে।
প্রথম পর্বের সাফল্যের পর থেকেই ‘কল্কি ২’ নিয়ে নানা জল্পনা শুরু হয়। শুরুতে সুমতি চরিত্রে দীপিকা পাড়ুকোনের ফেরার সম্ভাবনার কথা শোনা গেলেও পরবর্তীতে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে কাজের সময়সূচি সংক্রান্ত বিতর্কের পর তার নাম সিক্যুয়েল থেকে বাদ পড়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।
এদিকে নতুন করে আলোচনায় এসেছে আলিয়া ভাটের নাম। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ‘কল্কি ২’-এ একটি গুরুত্বপূর্ণ নতুন চরিত্রে দেখা যেতে পারে তাকে। এমনকি হায়দরাবাদে কয়েক দিনের শুটিংও নাকি ইতোমধ্যে সম্পন্ন করেছেন আলিয়া। তবে নির্মাতারা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
শুরুতে ধারণা করা হয়েছিল, দীপিকার অভিনীত সুমতি চরিত্রেই নতুন কাউকে নেওয়া হতে পারে। সেই তালিকায় সাই পল্লবীর নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আলিয়া ভাট সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে হাজির হতে পারেন।
পরিচালক নাগ অশ্বিন ইতোমধ্যে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ডিসেম্বরের দিকে ‘কল্কি ২’ মুক্তি পেতে পারে বলে জানা গেছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সিক্যুয়েলটির কাস্টিং নিয়ে শুরু থেকেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে নানা গুঞ্জন ও বিতর্ক দেখা গেছে। তবে সব জল্পনা-কল্পনার মধ্যেই ছবিটির কাজ এগিয়ে চলছে।
মন্তব্য করুন