বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৪:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তিতে কানে উন্মাদনা, আবেগাপ্লুত ভিন ডিজেল

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বুধবারের মধ্যরাত যেন দখল করে নিয়েছিল গতি, অ্যাকশন আর নস্টালজিয়ার এক অভূতপূর্ব মেলবন্ধন। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তৈরি হয় তুমুল উন্মাদনা। লালগালিচায় ভিন ডিজেলসহ মূল অভিনয়শিল্পীদের উপস্থিতি ভক্তদের উচ্ছ্বাসকে বহুগুণ বাড়িয়ে তোলে।

গতিময় এই সিরিজের রজতজয়ন্তী উদযাপনে কালো ঝলমলে জ্যাকেট পরে হাজির হন ভিন ডিজেল। তার পরিধানে থাকা জ্যাকেটের পেছনে রেসিং কারের নকশার সঙ্গে সিকুইন দিয়ে লেখা ছিল ‘ফাস্ট ফরএভার’, যে নামেই ২০২৮ সালে সিরিজের শেষ কিস্তি মুক্তির কথা জানিয়েছে প্রযোজনা সংস্থা। এদিন ডিজেলের সঙ্গে লালগালিচায় পা রাখেন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টার, মিশেল রদ্রিগেজ, প্রযোজক নিল এইচ মরিটজ এবং ইউনিভার্সাল স্টুডিওর চেয়ারম্যান ডোনা ল্যাংলি। প্রদর্শনীতে এক মর্মস্পর্শী উপস্থিতি ছিল প্রয়াত অভিনেতা পল ওয়াকারের মেয়ে মিডো ওয়াকারের।

বিশেষ এই আয়োজনকে ঘিরে সন্ধ্যা নামতেই বিপুল সংখ্যক দর্শক ও ভক্ত প্রিয় তারকাদের একনজর দেখার আশায় ভিড় জমান। ডিজেলকে কাছে পেতেই ভিড় থেকে ভেসে আসে চিৎকার আর উচ্ছ্বাসের জোয়ার। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষায় থাকা অগণিত ভক্তের সঙ্গে সেলফি তুলতে ও তাদের উষ্ণ অভ্যর্থনা সাড়তে দেখা যায় তাকে।

প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন ভিন ডিজেল। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো এই সিনেমাকে ‘ক্লাসিক’ তকমা দেওয়ায় নিজের বিস্ময় ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রধান, যেখানে পৃথিবীর সব শিল্পী স্বীকৃতি আর সম্মান পেতে চান, তিনি ২৫ বছর আগে নির্মিত আমাদের সিনেমাকে ক্লাসিক বলছেন—এটা কতটা গভীর ব্যাপার! এরপর আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়, আমাদের জীবনের অংশ।’

উল্লেখ্য, ২০০১ সালে স্ট্রিট রেসিংয়ের গল্প নিয়ে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজি গত ২৫ বছরে হলিউডের ইতিহাসে অন্যতম সফল বিনোদন ব্র্যান্ডে পরিণত হয়েছে। নয়টি সিক্যুয়েল ও একটি স্পিন-অফ ‘হবস অ্যান্ড শ’সহ বিশ্বব্যাপী সিরিজটির মোট আয় সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২০১৩ সালে দুর্ঘটনায় পল ওয়াকারের মৃত্যু ভক্তদের মনে শোকের ছায়া ফেললেও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সিরিজ। প্রসঙ্গত, ‘ফাস্ট এক্স’ সিনেমায় ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তার মেয়ে মিডো ওয়াকারকে।

জানা গেছে, ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ‘ফাস্ট ফরএভার’-এ ফিরবেন ভিন ডিজেলসহ মূল দলের অনেকেই। তাদের সঙ্গে যোগ দেবেন ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথাম। এরই মধ্যে ভিন ডিজেল জানান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ঘিরে নতুন চারটি টেলিভিশন সিরিজ তৈরির কাজ চলছে। যদিও পরবর্তীতে এনবিসিইউনিভার্সালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি সিরিজের কথাই উল্লেখ করা হয়।

মন্তব্য করুন