প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবন নিজের ব্যক্তিগত জীবনের টালমাটাল সময়ের কথা খুলে বললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী গভীর আক্ষেপের সঙ্গে স্বীকার করেন, ভুল মানুষের পেছনে ছুটতে গিয়ে তিনি জীবনের শ্রেষ্ঠ ১৭ বছর হারিয়েছেন। তাঁর মতে, তিনটি অসফল বিয়ে তাঁর ক্যারিয়ার ও মানসিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
২০০৩ সালে মিলিন্দ সোমানের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটলেও এই অস্থিরতা তাঁর পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে মানেন মীরা। তিনি আক্ষেপ করে বলেছেন, এই দীর্ঘ সময়ে তিনি যদি নিজের ক্যারিয়ার, ফিটনেস আর শখের দিকে মন দিতেন, তবে আজ তিনি সফলতার আরও উঁচুতে থাকতে পারতেন। নিজের আদরের ছেলের কাছেও তিনি মাঝেমধ্যে মনের এই কষ্টের কথা শেয়ার করেন এবং জানান যে ভুল মানুষের পেছনে সময় নষ্ট না করে পরিবারের সঙ্গে সময় কাটালে জীবনটা আজ অন্যরকম হতো নিশ্চই। তাঁর স্পষ্ট বক্তব্য, যারা তাকে কখনো সম্মান বা গুরুত্ব দেয়নি, তাদের সঙ্গেই তিনি বারবার সম্পর্কের ভুল চক্রে আটকেছেন।
যদিও ব্যর্থ বিয়ের প্রসঙ্গে মীরা এবারই প্রথম মুখ খোলেননি। তবে তিনি এখন অতীতের আক্ষেপ ঝেড়ে ফেলে বর্তমানকে আগলে ধরার কথা বলছেন। তিনি বিশ্বাস করেন, জীবনে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং অতীত নিয়ে পড়ে না থেকে এখন তিনি নিজের ক্যারিয়ার আর বর্তমানের সুখ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান খুব শক্তভাবে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মীরা এখন এক শান্ত আর সুন্দর সময়ে অবস্থান করছেন এবং নিজেকে নিয়ে বেশ গর্বিত অনুভব করছেন প্রতি মুহূর্তে।
প্রসঙ্গত, ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগরওয়ালের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন মীরা। ২০১০ সালে পাঁচ বছরের সেই সংসার ভাঙে। ২০১২ সালে অভিনেতা জন কোকেনকে বিয়ে করলেও ২০১৬ সালে সেই সম্পর্কেরও পরিসমাপ্তি ঘটে। এই সংসারেই মীরার এক পুত্রসন্তান জন্মায়। সর্বশেষ ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিনের সঙ্গে নতুন করে সংসার পাতলেও অল্প কয়েক মাসের মাথায় ২০২৫ সালের আগস্টে তা ভেস্তে যায়। টানা তিন তিনবার সম্পর্কে বিচ্ছেদের এই তিক্ত অভিজ্ঞতা নিয়েই এখন ক্যারিয়ারে মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্য করুন