বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:২৯ পিএম

অনলাইন সংস্করণ

মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে মুখ খুললেন কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এ বিষয়ে রাধিকার বক্তব্যের সময় হেসে সম্মতি জানানোয় বিতর্কে জড়ান দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। তবে এবার নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, রাধিকার কথার অর্থ প্রথমে বুঝতে পারেননি তিনি।

দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের রীতি প্রচলিত রয়েছে। বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এ প্রথাকে বলা হয় ‘মামান কল্যাণম’। এ ধরনের বিয়েতে পাত্রকে ‘মুরাই মামান’ নামে ডাকা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরছিলেন রাধিকা আপ্তে। সেখানে তিনি জানান, একটি তেলুগু সিনেমায় তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তাঁর একেবারেই ভালো লাগেনি। এমনকি বেশ কষ্ট করেই ওই দৃশ্যে অভিনয় সামলেছিলেন তিনি। সিনেমাটিতে রাধিকার মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণ। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

সাক্ষাৎকারের সময় রাধিকার পাশেই ছিলেন কীর্তি সুরেশ। রাধিকার কথা শুনে হেসে তিনি জানান, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে। এরপর কীর্তির ওই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি নিজের নতুন ছবি ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। রাধিকার মন্তব্যের সময় তিনি কেন জোরালো প্রতিবাদ করেননি, তা জানতে চাওয়া হয় তাঁর কাছে।

জবাবে কীর্তি জানান, প্রথমে রাধিকার বক্তব্যের অর্থ বুঝতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, ‘রাধিকা যখন বলেছিলেন, ‘আমাকে ছবিতে মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে’, তখন আমি ঠিক বুঝতে পারিনি উনি কী বলতে চাইছেন। পরে বুঝতে পারি, তিনি আমাদের সংস্কৃতির একটি রীতির কথা বলছেন। সেই সংস্কৃতি সম্পর্কে তার জানা নেই। তাই আমি শুধুই জানিয়েছিলাম, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এমন রীতি রয়েছে।’

কীর্তি আরও জানান, রাধিকাকে তিনি বলেছিলেন, এ রীতি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে রয়েছে, তবে কেরালায় প্রচলিত নয়। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘হ্যাঁ, কেরেলায় এ রীতি নেই। উত্তর ভারতের কেউ যদি আমাদের সংস্কৃতি সম্পর্কে না জানেন, আমি তাকে বিষয়টি বুঝিয়ে বলতে পারি। কিন্তু সেটা কাউকে জোর করে প্রমাণ করতে পারি না। তাকে এ ভাবে কথা বলতে বারণও করতে পারি না। তাই রাধিকাকে বোঝানোর চেষ্টা করেছিলাম- তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এমনটা হয়। কর্ণাটকে হয় কিনা, তা আমার জানা নেই। আমি বিষয়টি শুধু তথ্য হিসাবেই জানিয়েছিলাম।’

অন্যদিকে, রাধিকা তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, একটি তেলুগু ছবিতে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। ওই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর জন্য ভীষণ কঠিন ছিল বলেও জানান তিনি। রাধিকার ভাষায়, ‘ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

 

মন্তব্য করুন