তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম

অনলাইন সংস্করণ

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ ও আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বলা হয়েছে।

একই সঙ্গে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

রিটকারী আইনজীবী দস্তগীর বলেন, 'কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।'

আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই আইনজীবী বলেন, ঢাকায় প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দায় কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।

গবেষণায় দেখা গেছে, ডিজিটাল যন্ত্রে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

 

মন্তব্য করুন