বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৬:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

‘বিগ প্রোডাকশনস’-এর যাত্রা শুরু ‘ঠিকানা’ দিয়ে

জন্মদিনে ভক্তদের নতুন সুখবর দিয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।

শুক্রবার (২০ নভেম্বর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর জানান বুবলী। একই সঙ্গে উন্মোচন করেন চলচ্চিত্রটির প্রথম পোস্টার।

পোস্টে অভিনেত্রী লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’-এ।”

নিজের নতুন এই উদ্যোগের অনুভূতি জানিয়ে তিনি আরও লেখেন, “আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার। এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার।”

ভবিষ্যতেও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন বুবলী। তিনি লেখেন, “সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।”

উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, এরপর চলচ্চিত্রের নায়িকা—বুবলীর ক্যারিয়ার যাত্রা ছিল ভিন্নধর্মী। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা রয়েছে। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও চলচ্চিত্রে গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।

 

 

 

মন্তব্য করুন