নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশ থেকে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও পুরো ক্যাম্পাস।

পুরোনো দিনের স্মৃতি ফিরে দেখতে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে। এমনকি কয়েকজন বন্ধু মিলে পুরো ট্রেনের বগি নিয়ে ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা করেছেন। তিন দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান সাজানো হয়েছিল বর্ণিল আলোকসজ্জায়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।

সকালে বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সবার জন্য ছিল উন্নত খাবারের ব্যবস্থা। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসেছিল খাবার ও নানা পণ্যের স্টল। সেখান থেকে স্মারক উপহার সংগ্রহ, খাওয়াদাওয়া, ছবি তোলা ও বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগের আয়োজনে পরিবেশিত হয় গান, নাচ ও ক্যাম্পাসের স্মৃতিনির্ভর নাটক। পুরোনো দিনের গান ও সাংস্কৃতিক পরিবেশনা প্রাক্তন শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যায় তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিময় সময়ে।

সন্ধ্যার পর মঞ্চ মাতান নগর-বাউল জেমস। তাঁর পরিবেশনায় কনসার্টে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। দিনভর স্মৃতিচারণ ও আনন্দ-আয়োজনের পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ফেরার প্রস্তুতি।

বিদায়ের মুহূর্তে পুরোনো বন্ধু ও চিরচেনা ক্যাম্পাস ছেড়ে যেতে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। তবে আনন্দের রেশ কাটেনি ফিরতি পথেও। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাতে অতিরিক্ত শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়। ফিরতি যাত্রায়ও শাটলে গান ও আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

৬০ বছর পূর্তির এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ছিল ফেলে আসা তারুণ্য ও স্মৃতির কাছে ফিরে যাওয়ার উপলক্ষ। অন্যদিকে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন তৈরির সুযোগও করে দিয়েছে এই মিলনমেলা।

 

মন্তব্য করুন