প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক।
তিনি বলেন,
জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টি সরকার অগ্রাধিকার দিচ্ছে।
ড. শামসুল হক জানান,
নারীদের জন্য আলাদা ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন,
প্রধানমন্ত্রী মনে করেন গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম ঢাকা মেট্রোরেল। তবে কেবল মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ প্রেক্ষাপটে স্বল্প ব্যয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল প্রকল্পের বিষয়টিও আলোচনায় এসেছে। পাশাপাশি দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন