প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন ফের সংবাদ শিরোনামে। মা হওয়ার পর থেকে বিতর্ক যেন তার পিছু ছাড়তে চাইছে না। তবে এবার কোনো নতুন ছবির জন্য নয়; বরং হলিউডের একটি ব্লকবাস্টার প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
জানা গেছে, হলিউডের জনপ্রিয় ব্ল্যাক কমেডি সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন দীপিকা। জনপ্রিয় এই সিরিজে অভিনয়ের জন্য নির্মাতারা দীপিকার অডিশন নিতে চেয়েছিলেন। কিন্তু দীপিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই চরিত্রের জন্য কোনো অডিশন দেবেন না। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অডিশন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন না অভিনেত্রী। আর ঠিক এ কারণেই দুই পক্ষের মধ্যে কথা আর এগোয়নি।
এর আগে সিরিজের তৃতীয় সিজনেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন দীপিকা অন্তঃসত্ত্বা থাকায় কাজ করতে পারেননি। সম্প্রতি বলিউড ছবি ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকেও দীপিকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এসব জল্পনা আর গুঞ্জনের মাঝেই দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন, যা দেখে নেটিজেনের ধারণা—এই বার্তা তিনি সমালোচকদের উদ্দেশ্যেই লিখেছেন।
দীপিকার সেই পোস্টে লিখেন—
“শান্ত থাকাই সবচেয়ে বড় ক্ষমতা। যে কেউ মেজাজ হারাতে পারে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে পারে বা চিৎকার করতে পারে। এতে আলাদা করে কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আসল ক্ষমতা তখনই বোঝা যায় যখন চারপাশে বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আপনি শান্ত থাকেন।”
একইসঙ্গে দীপিকা জানান, শান্ত থাকা মানে দুর্বল হয়ে পড়া নয়। আসলে এটি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা। যখন পুরো পৃথিবী শব্দের নেশায় মত্ত, তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় ‘সুপারপাওয়ার’।
দীপিকা পাড়ুকোনকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন।
দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে নিজের শর্ত বজায় রাখছেন। হলিউড প্রজেক্ট ফিরিয়ে দেওয়া এবং বলিউডের কয়েকটি বড় ছবি থেকে সরে আসার ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা চলছে। কেউ কেউ বলছেন, তিনি এখন সিলেক্টিভ কাজ করতে চান। অন্যরা মনে করছেন, পরিবারকে সময় দেওয়াই তার এখন প্রধান অগ্রাধিকার।
দীপিকার এই ইনস্টাগ্রাম পোস্টকে অনেকে তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে দেখছেন। ভক্তরা এখন অপেক্ষা করছেন ‘কিং’ এবং অ্যাটলির ছবিতে তার ফিরে আসার জন্য।
মন্তব্য করুন