তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ দেশের সকল কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়মিত ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অবৈধ অভিবাসন, সন্ত্রাস দমন, এসপিইএআর প্রোগ্রাম, ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) বাস্তবায়ন এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন,

"যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাস দমন ও নিরাপত্তা খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে।"

তিনি আরও উল্লেখ করেন,

"মার্কিন তহবিলের কার্যকর ব্যবহারের জন্য দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন।"

এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত যোগ করেন,

"যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ অভিবাসন খাতে গ্রিন জোনে অন্তর্ভুক্ত হতে পারবে এবং সন্ত্রাস দমন কর্মসূচিতে প্রশিক্ষণ ও সরঞ্জামাদির মাধ্যমে সহায়তা অব্যাহত থাকবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ও কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান, পলিটিক্যাল অফিসার শানে সেন্ডার্স, পলিটিক্যাল স্পেশালিস্ট তানিক মুনির এবং পলিটিক্যাল অফিসার রেলি পালমেরত্রি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন