খেলা ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২০ পিএম

অনলাইন সংস্করণ

দেড় কোটি বোনাস এখনো পাননি নারী ফুটবলাররা, এশিয়ান কাপে নতুন দাবি

ছবি সংগৃহীত

২০২৪ সালে দ্বিতীয়বার সাফ জয়ের পর ঘোষিত দেড় কোটি টাকার বোনাস এখনো হাতে পাননি সাফজয়ী নারী ফুটবলাররা। ঘোষণার পর কেটে গেছে প্রায় ১৬ মাস।

 

সেই অপ্রাপ্তির মধ্যেই আগামীকাল চীনের বিপক্ষে এশিয়ান কাপে ঐতিহাসিক অভিষেক ম্যাচের আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে নতুন বোনাসের ‘আবদার’ তুলেছেন নারী ফুটবলাররা। আজ সিডনিতে টিম হোটেলের সামনে স্বদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাবিথ নিজেই প্রকাশ করেন মেয়েদের এই চাওয়ার কথা।

 

তাবিথ জানান, মেয়েরা বেশ আত্মবিশ্বাসী। ভালো খেলার প্রত্যাশা থেকেই তাঁরা ফেডারেশনের কাছে অগ্রিম পুরস্কার ঘোষণার দাবি তুলেছেন। আফঈদা–ঋতুপর্ণাদের আবদারকে অবশ্য স্বাভাবিকভাবেই নিচ্ছেন বাফুফে সভাপতি। তিনি বলেন,

 

“গার্ডিয়ানের কাছে তো সব সময় কিছু দাবি থাকতেই পারে। তারা বিশ্বাস করে যে তারা ভালো খেলবে। তারা দাবি করেছে যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা যেন অন্তত পরের ম্যাচের জন্য তাদের একটা গিফট বা বোনাস ঘোষণা করি।”

 

মেয়েদের ‘আবদার’ মেটানোর আশ্বাসও দিয়েছেন তাবিথ। তাঁর কথায়,

“আমি তাদের বলেছি, অবশ্যই আমরা করব। কিন্তু তোমরা বাংলাদেশের জন্য খেলো এবং তোমাদেরকে কোনো না কোনোভাবে একটা গিফট দেব।”

 

২০২৪ সালের ৯ নভেম্বর তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি তাদের প্রথম সভায় নারী দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। কিন্তু সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। গত বছর জুলাইয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার পরও মেয়েদের কোনো আর্থিক পুরস্কার দেয়নি বাফুফে। সেবার মিয়ানমারফেরত দলকে বিমানবন্দর থেকে ভোররাতে সরাসরি হাতিরঝিলে সংবর্ধনা দিয়েই দায় সেরেছিল ফেডারেশন।

 

তাবিথ জানান, একজন ফুটবল ‘ভক্ত’ হিসেবে তিনি সিডনিতে এসেছেন মেয়েদের উৎসাহ দিতে। তাঁর মতে, চীন শক্তিশালী হলেও বাংলাদেশ আগামীকাল আরেকটি ইতিহাস গড়ার সামর্থ্য রাখে। যদিও র‍্যাঙ্কিং ও শক্তিতে চীনের চেয়ে কয়েক যোজন পিছিয়ে বাংলাদেশ। চীন এশিয়ার সেরা, অন্যদিকে বাংলাদেশ এই পর্যায়ে প্রথম খেলে এসেছে।

 

নারী ফুটবলারদের দীর্ঘদিনের অপেক্ষা এবং নতুন দাবি বাফুফের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এশিয়ান কাপে ঐতিহাসিক অভিষেকের আগে মেয়েদের মানসিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে বোনাস ঘোষণা তাদের আরও উজ্জীবিত করতে পারে। তাবিথ আউয়ালের আশ্বাসে আশাবাদী হলেও পুরোনো বোনাসের অপেক্ষা এখনো শেষ হয়নি।

 

আগামীকাল চীনের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কীভাবে খেলবে—সেটাই এখন সবার নজরে।

মন্তব্য করুন