বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৭ এ এম

অনলাইন সংস্করণ

তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে সংগীতে ফিরছেন পার্ক জিহুন

ছবি: সংগৃহীত

অভিনয় ব্যস্ততা কাটিয়ে দীর্ঘ তিন বছর পর ফের সংগীত জগতে ফিরছেন দক্ষিণ কোরীয় তারকা পার্ক জিহুন। বুধবার প্রকাশ পেয়েছে তাঁর একক অ্যালবাম ‘রিফ্লেক্ট’। একই দিনে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় নতুন করে আলোচনায় আসেন সম্প্রতি ‘দ্য কিংস ওয়ার্ডেন’ সিনেমায় অভিনয় করা এই শিল্পী।

২০২৩ সালের এপ্রিলে ইপি ‘ব্ল্যাঙ্ক অর ব্ল্যাক’ প্রকাশের পর আর কোনো গান প্রকাশ করেননি পার্ক। এর মধ্যে নেটফ্লিক্সের ‘উইক হিরো’ ও গত ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দ্য কিংস ওয়ার্ডেন’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘দ্য কিংস ওয়ার্ডেন’-এ ক্ষমতাচ্যুত এক রাজার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে এবং ছবিটি ইতোমধ্যে ১ কোটি ৬০ লাখের বেশি টিকিট বিক্রি করেছে।

‘রিফ্লেক্ট’ অ্যালবামটি গড়ে উঠেছে আত্মবিশ্লেষণ ও অতীত অভিজ্ঞতার গল্প নিয়ে। তিন গানের এ অ্যালবামের মূল গান ‘বডিএলস’ একটি মিডটেম্পো পপ-ড্যান্স ট্র্যাক, যা সাধারণ মুহূর্তে জন্ম নেওয়া এক অচেনা অনুভূতির কথা বলে। দ্বিতীয় গান ‘ওয়াটারকালার’-এ হালকা সাউন্ডের সঙ্গে আবেগময় কথামালা ফুটে উঠেছে। আর ‘আই ক্যান’ট হোল্ড ইয়োর হ্যান্ড অ্যানিমোর’ মূলত অ্যাকুস্টিক গিটারনির্ভর এক পপ ব্যালাড।

২০১৭ সালে ‘প্রডিউস ১০১’ প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে সংগীত জগতে নাম করেন পার্ক জিহুন। পরে বয় ব্যান্ড ওয়ানা ওয়ানের সদস্য হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

সংগীতে প্রত্যাবর্তন উপলক্ষে ভক্তদের জন্য ‘রিফ্লেক্ট’ শিরোনামেই ফ্যান কনসার্টের আয়োজন করেছেন এই শিল্পী। আগামী ২৩ মে টোকিও এবং ৩০ ও ৩১ মে সিউলে কনসার্ট দুটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন