আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে সহায়তার প্রস্তাব পুতিনের, ট্রাম্পের জবাব—'নিজের যুদ্ধ আগে শেষ করুন'

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সাহায্য করতে চায় মস্কো। তবে জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রথমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে। বুধবার দুই নেতার মধ্যে দেড় ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপ শেষে এ তথ্য জানা গেছে।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি (পুতিন) আমাকে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন।’

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে তাঁর ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং ইউক্রেন সংঘাতের সমাধান দ্রুতই আসতে পারে। ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

ক্রেমলিন সূত্রে জানা গেছে, দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। একইসঙ্গে আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের এক কর্মকর্তা।

বিশ্লেষকেরা বলছেন, একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইরান সংকট—দুই ফ্রন্টেই কূটনৈতিক তৎপরতা জোরদার করছেন ট্রাম্প। তবে পুতিনের সহায়তার প্রস্তাবের বিপরীতে ইউক্রেন যুদ্ধ শেষ করার শর্ত দিয়ে ওয়াশিংটন স্পষ্ট করল, মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আগে পূর্ব ইউরোপে শান্তি প্রতিষ্ঠাই তাদের অগ্রাধিকার।

মন্তব্য করুন