প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৮ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও সুপারিশ জানানো হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনার বরাবর অনুরোধ পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে সেই আচরণ ধরা পড়ে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে হাজতখানায় নেওয়ার পথে দুই পুলিশ সদস্য বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বর্তমানে হাসানুল হক ইনুর বিচার চলছে। বুধবার তাঁর পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মন্তব্য করুন