প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৩ এ এম
অনলাইন সংস্করণ
হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে ‘বডি ইনক্লুসিভিটি’ নিশ্চিত করতে গিয়ে কোনো ‘সাইজ-জিরো’ মডেলকে ছাঁটাই করা হয়নি বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ ভুল ধারণা স্পষ্ট করেন তিনি।
এ বিতর্কের সূত্রপাত গত মার্চে হার্পার’স বাজার ম্যাগাজিনে প্রকাশিত সহ-শিল্পী মেরিল স্ট্রিপের এক মন্তব্যকে ঘিরে। স্ট্রিপ জানিয়েছিলেন, শুটিং সেটে মডেলদের মাত্রাতিরিক্ত কৃশকায় চেহারা দেখে তিনি ও হ্যাথাওয়ে দুজনেই বিস্মিত হয়েছিলেন। স্ট্রিপ বলেন, ‘অ্যানি বিষয়টি লক্ষ্য করে সরাসরি প্রযোজকদের কাছে যায় এবং প্রতিশ্রুতি আদায় করে নেয় যে, আমাদের সিনেমার ফ্যাশন শো-তে মডেলদের যেন কঙ্কালসার দেখায় এমন কাউকে না রাখা হয়।’ হ্যাথাওয়েকে ‘সাহসী নারী’ বলেও অভিহিত করেন তিনি।
গত সপ্তাহে নিউইয়র্কে সিনেমাটির প্রিমিয়ারে হ্যাথাওয়েকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি পর্দায় বিভিন্ন শারীরিক গড়নের মানুষের উপস্থিতি দর্শক বেশি উপভোগ করবেন। আমি কেবল প্রযোজকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে—আকারের ক্ষেত্রে বৈচিত্র্য আনলে কি দৃশ্যটি আরও শক্তিশালী হবে না? তারা আমার কথা শুনে দুঃখ প্রকাশ করেন যে বিষয়টি আগে তাদের মাথায় আসেনি। তবে বিষয়টি বোঝার এক ঘণ্টার মধ্যেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন।’
কিন্তু এ প্রসঙ্গ পরে গুঞ্জনে রূপ নেয় যে, হ্যাথাওয়ের হস্তক্ষেপে অনেক জিরো-সাইজ মডেল নাকি কাজ হারিয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’য় এ ভুল ধারণা ভেঙে দিয়ে হ্যাথাওয়ে বলেন, ‘কিছু ভুল তথ্য ছড়াচ্ছে যে আকারের ভিন্নতা আনতে গিয়ে মানুষ চাকরি হারিয়েছে। বিষয়টি মোটেও তেমন নয়। কেউ কাজ হারাননি বরং এতে আরও মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, মূল সিনেমার দুই দশক পর এ সপ্তাহান্তেই প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ‘প্রজেক্ট হেইল মেরি’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ কিংবা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর সাফল্যের ধারাবাহিকতায় এই সিক্যুয়েলটিও বক্স অফিসে উল্লেখযোগ্য ব্যবসা করবে বলে ধারণা চলচ্চিত্র-সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন