প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলের পর্যটন খাতকে পরিকল্পিত ও টেকসইভাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বর্তমানে একটি ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ করছে। এই পরিকল্পনায় পটুয়াখালীর কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা এবং চট্টগ্রামের পতেঙ্গা-আনোয়ারা সমুদ্র সৈকতে মৌলিক সুযোগ-সুবিধা উন্নয়নের লক্ষ্যে একটি নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালী ও বরগুনা জেলার মোট সাতটি উপজেলা (গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালি, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী) নিয়ে ‘পায়রা-কুয়াকাটা কমপ্রিহেনসিভ প্ল্যান ফোকাসিং অন ইকো-টুরিজম’ শীর্ষক একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এই পরিকল্পনার আওতায় ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’ প্রণয়নের কাজ চলছে।
তারেক রহমান আশা প্রকাশ করেন যে, এই অ্যাকশন এরিয়া প্ল্যান চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার পর্যটন খাতে আমূল পরিবর্তন আসবে। পর্যটন সংশ্লিষ্ট অংশগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর ফলে সমুদ্র অঞ্চলের পরিকল্পনা কার্যক্রম থেকে সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।
মন্তব্য করুন