প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে দেশজুড়ে গণশুনানির আয়োজন করা হবে। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে।
কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এ ছাড়া কোনো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারের যোগ্য বলে বিবেচিত হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।
গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথাও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় কর্মসূচির তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, “তবে আগামী সপ্তাহ থেকে কোনো না কোনো জেলায় এ কর্মসূচি আমরা পরিচালনা করব।”
দেশজুড়ে গণশুনানি আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য রয়েছে।
এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, “আমরা মনে করি এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যেন বাংলাদেশে আর কখনও কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়। এ কারণেই আমরা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই।”
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাঁর দাবি, এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।
মন্তব্য করুন