আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের আওতায় পড়তে পারে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ডজনখানেক দেশ। এসব দেশ নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর নতুন এই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকি নিয়ে তদন্ত শুরু হয়। এই আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে মার্কিন প্রেসিডেন্ট ওই দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোর ভর্তুকি ও সরকারি সহায়তার কারণে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে এসব দেশের কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজার সয়লাব করছে, যা মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে।

নতুন শুল্ক কার্যকর হলে লক্ষ্যবস্তু দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারের শুল্ক আরোপ হতে পারে। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই শুল্কের আওতায় আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরগাড়ির মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় এসব পণ্যের ওপর আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ২০২৫ সালে যে ধরনের শুল্ক নির্ধারণ করা হয়েছিল, এবারও তেমন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

এদিকে, গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ডজনখানেক বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে।

প্রস্তাবিত চুক্তির আওতায় মার্কিন বাজারে নিজেদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি।

 

মন্তব্য করুন