বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩৮ মিনিট আগে, ০৭:২১ পিএম

অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্সের মঞ্চে মাহির পাশে তানজিয়া জামান মিথিলা

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে চমকে দিতে পুয়ের্তো রিকোয় ছুটে গেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতার ব্যস্ততার মধ্যে বন্ধুকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। বিস্ময়, উচ্ছ্বাস আর আনন্দাশ্রুতে ভরা তাঁদের পুনর্মিলনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিনের বন্ধুকে কাছে পেয়ে মাহি নিজেকে সামলাতে পারেননি। দুজনের আবেগঘন সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মিথিলা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’

বন্ধু থেকে মেন্টর

মাহির সঙ্গে দেখা করতেই শুধু নয়, বিশ্বমঞ্চে তাঁর পাশে দাঁড়াতেও পুয়ের্তো রিকোয় গেছেন মিথিলা। আগের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহির প্রস্তুতির শুরু থেকেই তাঁকে সহযোগিতা করে আসছেন তিনি।

সাজসজ্জা, পোশাক নির্বাচন এবং প্রতিযোগিতার বিভিন্ন প্রস্তুতিতে মাহিকে পরামর্শ দিয়েছেন মিথিলা। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি মিথিলাকে নিজের বড় বোন ও সবচেয়ে বড় ভরসা হিসেবে উল্লেখ করেছিলেন।

মাহিকে নিয়ে নিজের গর্বের কথা জানিয়ে ফেসবুকে মিথিলা লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’

এদিকে পিপলস চয়েস ভোটে মাহিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিথিলা। তিনি লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পর মাহির আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় ছিল মাত্র কয়েক দিন। গত ৭ নভেম্বর মুকুট জয়ের পরদিনই, অর্থাৎ ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হন তিনি।

আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মাহির পাশে বন্ধুর এই উপস্থিতি তাঁর প্রতিযোগিতার ব্যস্ততায় যোগ করেছে আবেগের নতুন মাত্রা।

মন্তব্য করুন