প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
কলকাতার দক্ষিণাঞ্চলের যোধপুর পার্কে ভক্তদের উপচেপড়া ভিড়ের মধ্যে হাজির হন বলিউডের মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার (২১ নভেম্বর) শহরের একটি বিপণিবিতান উদ্বোধন করতে ঝটিকা সফরে কলকাতায় আসেন ‘দিলবার’খ্যাত এই তারকা।
বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন নোরা ফাতেহি। বিশেষ করে তাঁর নাচের অসংখ্য ভক্ত রয়েছেন। কলকাতায় তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে একনজর দেখার জন্য যোধপুর পার্কে ভিড় করেন অনুরাগীরা।
এদিন ভিন্ন সাজে দেখা যায় নোরাকে। চুলের সামনের অংশে ফ্রিঞ্জ, পরনে নীল জিন্স ও কালো ক্রপ টপ—এই সাজে ভক্তদের সামনে হাজির হন তিনি। অনুরাগীদের অনুরোধে হাসিমুখে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেত্রী।
উপস্থিত ভক্তদের উদ্দেশে নোরা বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।’
কথা শেষে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখান তিনি। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই মুঠোফোনে মুহূর্তগুলো ধারণ করেন। কেউ কেউ নোরার অভিনীত গানও গেয়ে ওঠেন।
সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ প্রশংসিত হয়েছে। তাঁর কলকাতা সফরেও ভক্তদের মধ্যে সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যায়।
মন্তব্য করুন