প্রকাশিত: ২১ মিনিট আগে, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে বলেছে, এই কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আমরা বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।”
তিনি বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান গুরুত্ব দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম আলোচ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান ও সুপারিশ জানিয়েছে এনসিপি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটির রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।”
গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা বলেছি, বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা, আমরা জুলাই গণভুথানে করেছিলাম, এই লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে। এই লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষ বনাম বিপক্ষ। ফলে আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, টেকসই করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আসবে না। ফলে এই কারণে সংস্কারটা অত্যন্ত জরুরি একটি বিষয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।”
পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তাঁর অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।
সরকারের অবস্থান নিয়ে এনসিপির প্রশ্ন
নাহিদ ইসলাম বলেন, “এর আগে সংসদেও সেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে, বর্তমান পরিস্থিতি আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭ থেকে ৮ মাসেই ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।”
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
মন্তব্য করুন