বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ মিনিট আগে, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

‘প্রাণ সখিয়া’ নাটকে ফিরছেন জোভান ও তাসনিয়া ফারিণ

দীর্ঘ তিন বছরের বেশি সময়ের বিরতি ও মান-অভিমান কাটিয়ে আবারও একসঙ্গে অভিনয়ে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও পর্দায় দেখা যাবে তাঁদের।

সম্প্রতি শুরু হয়েছে নাটকটির শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন নাটকের খবর জানিয়েছেন নির্মাতা রাজ। তাঁদের একসঙ্গে ফেরার খবরে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফেরেন তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শুধু জোভানের সঙ্গে দীর্ঘ বিরতির পর কাজ করাই নয়, ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে ছোটপর্দাতেও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে কাজ শুরু করার পর তাঁকে আর নাটকে দেখা যায়নি। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর থেকে অনেকটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী।

যেভাবে তৈরি হয়েছিল দূরত্ব

জোভান ও ফারিণের মধ্যে দূরত্বের সূত্রপাত হয়েছিল একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে। ২০২৩ সালে নাম প্রকাশ না করে ফারিণকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জোভান। সেখানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা কিছু অভিনয়শিল্পীর বিরুদ্ধে টেলিভিশন নাটককে অবজ্ঞা করার অভিযোগ তোলেন তিনি।

মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ফারিণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। ওই সময় তিনি অভিযোগ করেন, নাটকটি মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই। অথচ ওটিটিতে করা কাজ নিয়ে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিণ। তাঁর বক্তব্য ছিল, নাটক দিয়েই তাঁর অভিনয়জীবন শুরু হয়েছে। তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না।

এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ খুব বেশি দূর না গড়ালেও এরপর থেকে তাঁদের মধ্যে মান-অভিমান তৈরি হয়। দীর্ঘদিন একসঙ্গে জুটি হয়ে কাজ করা থেকে বিরত ছিলেন তাঁরা।

অবশেষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে সেই দূরত্ব ঘুচছে। দীর্ঘ বিরতির পর আবারও জোভান-ফারিণকে একসঙ্গে দেখতে পাওয়ার অপেক্ষায় তাঁদের দর্শকেরা।

মন্তব্য করুন