প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:১৭ এ এম
অনলাইন সংস্করণ
২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (২৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি হওয়ার আশঙ্কার পাশাপাশি মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্নের উদ্বেগের মধ্যে এ দরপতন হয়েছে। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
এলএসইজির জ্যেষ্ঠ তেলবিষয়ক গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, “২০২৭ সালে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে।” বিশেষ করে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে প্রভাব ফেলছে।
ওই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনসংক্রান্ত অবস্থান এবং ইরাকের তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উৎপাদন সক্ষমতার হিসাব বাড়ানোর জন্য ওপেক প্লাসের ওপর চাপ দিচ্ছে ইরাক। এতে জোটের সদস্যদের মধ্যে আগামী বছরের উৎপাদনসীমা নির্ধারণ নিয়ে উত্তেজনা বাড়তে পারে।
এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। পাইপলাইনের একটি ভালভ বন্ধ করে দেওয়ার পর সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এর ফলে তেল সংরক্ষণাগারে প্রবাহিত হতে শুরু করেছে।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে।
তবে রয়টার্সের জরিপে অংশ নেওয়া আটজন বিশ্লেষকের ধারণা, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল বাড়তে পারে। ফলে প্রকৃত মজুত বৃদ্ধির তথ্য এবং বিশ্লেষকদের পূর্বাভাসের মধ্যে পার্থক্য রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।
মন্তব্য করুন