বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪৩ মিনিট আগে, ১২:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

সাপ্তাহিক ভোটে প্রথম, মোট ভোটে তৃতীয় ছিলেন মাহি

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ঘিরে বাড়ছে উত্তেজনা। পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বসবে চূড়ান্ত আসর। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

ফাইনালের আগে প্রতিযোগিতার কঠিন পরিস্থিতি, নিজের প্রস্তুতি এবং প্রত্যাশার কথা জানিয়েছেন মাহি। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিজের অবস্থান সম্পর্কে হাসিমুখে তিনি বলেন, ‘ভেরি টাফ’।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ ও প্রস্তুত প্রতিযোগীদের মধ্যে শেষ পর্যন্ত কী ঘটবে, তা নিয়ে নিশ্চিত নন মাহি। তবে চূড়ান্ত পর্বে নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রাখছেন তিনি। আগের দিন পাওয়া প্রশংসাও তাঁকে বাড়তি সাহস জোগাচ্ছে বলে জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

এবারের প্রতিযোগিতায় মাহির অংশগ্রহণের পুরো প্রক্রিয়াটি ছিল বেশ দ্রুত। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরেন তিনি। আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁকে এই মুকুট পরিয়ে দেন। এর পরদিনই, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি।

অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর আগে গণমাধ্যমকে মাহি জানিয়েছিলেন, প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করে এত বড় আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ায় আনন্দের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাও ছিল তাঁর।

সেই সময়ে বন্ধু তানজিয়া জামান মিথিলার পরামর্শ ও সহযোগিতা কাজে এসেছে বলে জানিয়েছিলেন মাহি। সাজপোশাক থেকে শুরু করে মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন বিষয়েও তাঁকে দিকনির্দেশনা দিয়েছেন মিথিলা।

গত ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত জাতীয় পোশাক পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন মাহি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি কুমিল্লার খাদি শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না।

‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন—এই ভাবনাকে কেন্দ্র করে পোশাকটি তৈরি করা হয়। এতে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসা তুলে ধরা হয়েছে।

পোশাকটির পেছনে থাকা বৃত্তাকার শিল্পকর্মে শৈশব থেকে মাতৃত্ব হয়ে বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন ধাপ ফুটিয়ে তোলা হয়। ব্যতিক্রমী এই উপস্থাপনা দেশে ও অনলাইনে ইতিবাচক সাড়া ফেলেছে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার মাহির পক্ষে ভোট দিতে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

গত ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটে তৃতীয় অবস্থানে ছিলেন মাহি। ভোটের এই অবস্থান পরিবর্তিত হতে পারে। তবে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ থাকায় তাঁর ভোটের অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস খুব দীর্ঘ নয়। ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এরপর ২০২৫ সালে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা।

এবার মাহির সামনে সেই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি আরও ভালো ফল করার প্রত্যাশা রয়েছে। স্বল্প সময়ে প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়া এই প্রতিযোগীর দিকে এখন তাকিয়ে দেশের দর্শক ও সমর্থকেরা।

আয়োজকদের সূচি অনুযায়ী, পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় অনুষ্ঠানটি দেখা যাবে ২৫ নভেম্বর সকাল ৬টায়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

স্বল্প সময়ের প্রস্তুতি, কঠিন প্রতিযোগিতা এবং দেশবাসীর সমর্থন নিয়ে চূড়ান্ত মঞ্চে নিজের সেরাটা তুলে ধরার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

মন্তব্য করুন