বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ০৭:১৫ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব অভিনীত ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তির তারিখ। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেন দেব। প্রতি বছরের মতো এবারও নিজের জন্মদিনের আগে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা।

২০২৬ সালের শুরুতেই দেব ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরে ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’ সিনেমাগুলো মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির কথা ছিল।

তবে একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি মুক্তি পাওয়ায় সৌজন্য দেখিয়ে নিজের সিনেমার মুক্তি পিছিয়ে দেন দেব। সে সময় তিনি জানিয়েছিলেন, মুক্তির তারিখ পরিবর্তনের কারণে চলতি বছরে আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব হবে না। সিনেমাটি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে।

এদিকে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র নতুন মুক্তির তারিখ নিয়ে দর্শকদের মধ্যে অনিশ্চয়তা ছিল। শনিবার সন্ধ্যায় নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটান ‘পাগলু’খ্যাত এই অভিনেতা।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, বাইকে করে এক মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছেন দেব। বাইকে বসে রয়েছেন এক মা ও তার ছোট্ট শিশু। পোস্টারের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘দু'চাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ পোস্টারের ওপরেই সিনেমাটির মুক্তির তারিখ উল্লেখ করা হয়েছে।

বিনয় মুদগিল পরিচালিত সিনেমাটিতে দীর্ঘদিন পর আবারও দেবের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এ ছাড়া সিনেমাটিতে একটি ধূসর চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশীষ রায়কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়।

‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘নন্দী মুভিজ’-এর প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিবেদন করছেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী ও দেব অধিকারী।

সিনেমাটির গল্প নেওয়া হয়েছে বাস্তবের এক মানবিক ঘটনা থেকে। জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হক নিজের সাধারণ মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে দুর্গম এলাকার হাজারো মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখেন।

জানা গেছে, সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় করিমুল হকের মায়ের মৃত্যু হয়েছিল। সেই শোক থেকেই তিনি মানুষের জীবন বাঁচানোর উদ্যোগ নেন। তার এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এবার সেই বাস্তব জীবনের মানবিক যোদ্ধার গল্পই বড়পর্দায় তুলে ধরছেন দেব।

 

মন্তব্য করুন