তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:০১ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের প্রতি সহানুভুতি দেখানোর অভিযোগে বাহরাইনে ৬৯ নাগরিকের নাগরিকত্ব বাতিল

বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে বাহরাইন সরকার। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন এবং তারা কেউই মূলত বাহরাইনি বংশোদ্ভূত নন। বিবৃতিতে আরও বলা হয়, এই ব্যক্তিদের "ইরানের শত্রুতামূলক কর্মকাণ্ডকে সমর্থন বা মহিমান্বিত করার কারণে, অথবা বিদেশি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য" নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে আইনি কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে দেশটির জাতীয়তা আইনের ১০(৩) ধারা। রাজা হামাদ বিন ইসা আল খলিফার সরাসরি নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। উক্ত ধারা অনুযায়ী, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে বা রাষ্ট্রের প্রতি আনুগত্যহীন আচরণ করলে নাগরিকত্ব বাতিলের বিধান রয়েছে। মন্ত্রণালয় এও জানিয়েছে যে, কারা বাহরাইনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য তা "পর্যালোচনা ও যাচাই" অব্যাহত থাকবে।

তবে তীব্র সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি পরিচালক সাইয়েদ আহমেদ আলওয়াদাই একে দমননীতির এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। তার ভাষায়, "এসব সিদ্ধান্ত আইনি সুরক্ষা বা আপিলের কোনো সুযোগ ছাড়াই নেওয়া হয়েছে।"

সংগঠনটির তথ্যমতে, ২০১৯ সালের পর এই প্রথম বাহরাইনে এত বড় পরিসরে নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটল। এর আগে ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ে অন্তত ৯৯০ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল।

উল্লেখযোগ্য যে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে বাহরাইনসহ মার্কিন সামরিক ঘাঁটি অধ্যুষিত উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশে হামলার ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতির মধ্যেই বাহরাইনের এই কঠোর পদক্ষেপকে অনেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

এ বিষয়ে বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে রয়টার্স নিশ্চিত করেছে।

মন্তব্য করুন