আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:০০ এ এম

অনলাইন সংস্করণ

বেকাসি তিমুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে দূরপাল্লার ট্রেনের ধাক্কা: নিহত ৫, আহত ৩৮

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৭ এপ্রিল) শহরতলীর বেকাসি তিমুর স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে চলে আসা একটি দূরপাল্লার দ্রুতগামী ট্রেন পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

ভয়াবহ এই সংঘর্ষের পর উদ্ধার অভিযান এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা বলেন, "পাঁচজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।"

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেন। পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন যে, "এ রেল দুর্ঘটনায় নিহতের শঙ্কা বাড়তে পারে" বলে জানান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ।

প্রাথমিক তদন্তে সিগন্যাল বিভ্রাট বা একই লাইনে দুটি ট্রেন প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন