প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি গণভোটের দাবি, সংবিধানের ব্যাখ্যা এবং জুলাই বিপ্লবের চেতনা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের দেওয়া বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আজ দুপুরে ১১ দলীয় ঐক্যের সেমিনারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর জামায়াতের এই সংবাদ সম্মেলন ডাকার বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক সংকট, গণভোটের যৌক্তিকতা এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা এই সংবাদ সম্মেলনের দিকে নিবিড় নজর রাখছেন।
মন্তব্য করুন