বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

শিগগিরই স্বাভাবিক হচ্ছে ভারতের ভিসা কার্যক্রম

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও পুনরায় চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী সপ্তাহ থেকেই এই নতুন ভিসা সুবিধা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান হুমায়ুন কবির। ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলোকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "সঠিক মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। ভারতের সঙ্গে আমাদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।" তিনি মনে করেন, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠক শেষে উপদেষ্টা জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি গিয়েছিলেন। সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিবিড় আলোচনা হয়। ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্ত সেই সফল সফরেরই একটি অন্যতম অর্জন বলে মনে করা হচ্ছে।

আগামী সপ্তাহ থেকে ব্যবসায়িক ও চিকিৎসা ভিসা চালু হওয়ার ফলে দুই দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন