আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩০ এ এম

অনলাইন সংস্করণ

ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা শেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ব্যর্থ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টা চলা উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ফলে কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধিদল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত চলা ‘ইসলামাবাদ টকস’ শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স এ কথা বলেন। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।”

ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে তার সীমারেখা নির্ধারণ করেছে। কিন্তু ইরানের প্রতিনিধিদল তাদের শর্তগুলো মেনে নেয়নি। মূল আটকে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি বলেন, “আমরা এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতাও অর্জনের চেষ্টা করবে না, যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করবে।”

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, তারা দারুণ আতিথেয়তা দেখিয়েছেন এবং সমঝোতায় পৌঁছাতে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। ভ্যান্স জানান, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়।

ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা হলেও দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার সত্যিকারের অঙ্গীকার দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। ভ্যান্স বলেন, “আমরা এখনো সেই প্রতিশ্রুতি দেখতে পাইনি, তবে ভবিষ্যতে তা দেখতে পাব বলে আশা করি।”

পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন