প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নারীবাদ সমাজকে ধ্বংস করে দিচ্ছে—নিজের এমন বিতর্কিত মন্তব্যের বিষয়ে এবার খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ তাঁর মূল বার্তাটি বুঝতে ভুল করেছেন।
নোরা জানান, গত বছর একটি পডকাস্টে নারীবাদ নিয়ে তাঁর দেওয়া বক্তব্যের ছোট ছোট ক্লিপ রিলস ও টিকটকে ছড়িয়ে পড়েছিল। নেটিজেনরা পুরো প্রেক্ষাপট না জেনেই তাঁকে ভুল বুঝেছেন এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে নোরা বলেন, "আমি যেকোনো বিষয়ের চরমপন্থার বিরোধী। আমি নিজেও একজন ‘সিঙ্গেল প্যারেন্ট’ বা একক অভিভাবকের সন্তান। বেড়ে ওঠার সময় আমি অন্য একজন অভিভাবকের অভাব বোধ করিনি ঠিকই, কিন্তু আমি জানি একটি শিশুর জীবনে দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। আমি মূলত সেই পারিবারিক কাঠামোর পক্ষেই কথা বলেছিলাম।"
এর আগে অন্য একটি পডকাস্টে নোরা বলেছিলেন, তিনি বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় বিশ্বাস করেন না, কারণ এটি সমাজকে ধ্বংস করছে। সেই মন্তব্যটি সে সময় ঝড়ের বেগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমান পডকাস্টে তিনি মূলত নিজের সেই অবস্থানেরই নতুন করে ব্যাখ্যা দিলেন এবং পারিবারিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করলেন।
মন্তব্য করুন