আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৫১ এ এম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ না হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে—এমন আশঙ্কায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১২ ডলারে উন্নীত হয়েছে।

এর আগে সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে সমঝোতার ঘোষণা এলে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ঘটে। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা নিয়ে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট নয়। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। এ কারণেই তেলের দামে পুনরায় ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।

 

মন্তব্য করুন