বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

শাড়ি নিয়ে মামলায় তানজিন তিশার জামিন, পিছিয়ে গেল যে শুনানি

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। একই দিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। তার আগে ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তিশার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

গত ১৩ আগস্ট আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। সেদিন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন