বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:০৭ পিএম

অনলাইন সংস্করণ

নাচ ছেড়ে মার্শাল আর্টে মজেছেন শোভিতা ধূলিপালা

দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে এবার একেবারেই নতুন রূপে দেখা যাবে তামিল পরিচালক পা রঞ্জিতের নতুন ছবি ‘ভেটুভাম’-এ। অ্যাকশন ও সায়েন্স-ফিকশনধর্মী এই ছবিতে মার্শাল আর্ট ও শারীরিক কসরতের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে।

সম্প্রতি এনডিটিভি ‘যুব ২০২৬’ অনুষ্ঠানে ছবিটির জন্য নিজের মার্শাল আর্ট প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। তিনি জানান, এই প্রশিক্ষণ শুধু শরীরচর্চার অভিজ্ঞতা নয়, মানসিকভাবেও তাকে অনেকটা স্বস্তি দিয়েছে।

শোভিতার ভাষ্য, ভারতে কালারিপায়াত্তুর মতো দারুণ সব ঐতিহ্যবাহী মার্শাল আর্ট রয়েছে, যা সবারই চেষ্টা করে দেখা উচিত। নিয়মিত অনুশীলনের ফলে চাপ ও মানসিক উত্তেজনা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়—নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটিকে বেছে নিতে হলে কোনটি বেছে নেবেন? উত্তরে অভিনেত্রী জানান, নিজেও এমন উত্তর দেবেন বলে আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট অনুশীলনে পাওয়া মানসিক স্বস্তির কারণে আপাতত নাচের চেয়ে এটিই বেশি উপভোগ করছেন তিনি।

এরপর রসিকতার সুরে শোভিতা বলেন, ‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’ ছোটবেলা থেকে নাচের প্রশিক্ষণ নেওয়া এই অভিনেত্রী আরও বলেন, ‘ছেলেরা যদি অ্যাকশন করতে পারে, তবে মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেন?’

‘ভেটুভাম’-এর গল্প গড়ে উঠেছে তিনটি ভিন্ন সময়কে ঘিরে। ছবিতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভি আর দিনেশ ও আর্য। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার এবং অ্যাকশন দৃশ্যের দায়িত্বে রয়েছেন স্টান্ট পরিচালক দিলীপ সুব্বরায়ণ।

ছবিটির মুক্তি চলতি বছরের ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন