বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৯:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ: তাপসী পান্নু

বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বরাবরই খোলামেলা তাপসী পান্নু। এবার এক সাক্ষাৎকারে সিনেমা থেকে বাদ পড়ার দুটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে একবার কোনো স্পষ্ট কারণ না জানিয়েই তাকে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। আরেকবার যে কারণ তাকে জানানো হয়েছিল, সেটিকে তিনি নিজের পাওয়া ‘সবচেয়ে খারাপ কারণ’ বলে উল্লেখ করেছেন।

তাপসী জানান, একটি সিনেমায় অভিনয়ের জন্য তার সঙ্গে আগেই কথা হয়েছিল। এমনকি তিনি সিনেমাটির জন্য নিজের সময়ও বরাদ্দ করেছিলেন। পরে সিনেমাটির নায়কই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তাপসীর ভাষ্য, তাকে শুধু জানানো হয়েছিল যে সিনেমার নায়ক তাকে আর চান না। কেন তাকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ নিয়ে নানা সম্ভাবনার কথা নিজেই ভেবেছিলেন তাপসী। তার ধারণা ছিল, নায়কের হয়তো কোনো ধরনের অনিরাপত্তা কাজ করতে পারে, অথবা তিনি এমন কাউকে চেয়েছিলেন যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা রয়েছে। তবে এগুলো তার নিজের অনুমান; বাদ দেওয়ার প্রকৃত কারণ তাকে জানানো হয়নি।

তাপসী বলেন, বাদ দেওয়ার কারণ জানতে তিনি বারবার প্রশ্ন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে জানানো হয়, নায়ক আর তাকে সিনেমাটিতে চান না।

তবে এর চেয়েও অস্বস্তিকর একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাপসী। একটি সিনেমা থেকে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে তাকে বলা হয়েছিল—‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’

তাপসীর কাছে কোনো সিনেমা থেকে বাদ পড়ার এটিই ছিল ‘সবচেয়ে খারাপ কারণ’। তবে ওই সিনেমার নায়ক কিংবা তার স্ত্রীর নাম প্রকাশ করেননি তিনি।

অভিনয়ের ক্ষেত্রে নিজেকে একই ধরনের চরিত্রে আটকে রাখতে চান না তাপসী। এ কারণে তিনি কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন বলে জানান।

তাপসীর মতে, গ্ল্যামারাস চরিত্রের জন্য কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রী এবং কঠিন বা সামাজিক ইস্যুভিত্তিক সিনেমার জন্য অন্য কয়েকজন অভিনেত্রীকে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। দর্শক যেন সিনেমার শেষ সহজেই অনুমান করতে না পারেন, সে কারণেই তিনি কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি তাপসীকে ‘আসসি’ ও ‘গান্ধারি’ সিনেমায় দেখা গেছে। অনুভব সিনহা পরিচালিত ‘আসসি’তে তিনি আইনজীবী রাভি ভাটকলের চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারি’ সিনেমায় তাপসীকে দেখা গেছে মেয়েকে অপহরণের পর তাকে খুঁজতে বের হওয়া এক মায়ের চরিত্রে।

 

মন্তব্য করুন