প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টিকে সরকার বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবেই দেখছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় ও মামলার বিষয়টিও ভারতের সঙ্গে আলোচনায় তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। এ ছাড়া অন্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও ভারতীয় প্রতিনিধিদের আলোচনায় বিষয়টি তোলা হচ্ছে।
এর আগে ১৫ সেপ্টেম্বরও জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শেখ হাসিনা ও ভারতে অবস্থানরত অন্য পলাতক ও দণ্ডিত ব্যক্তিদের ফেরত আনার বিষয়টি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ভারতের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের যে অনুরোধ করেছে, সেটি দেশটির প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন